
গোপালগঞ্জে পুলিশের টহল দলের ওপর হামলা ও পিকআপ ভাঙচুরের ঘটনায় নতুন করে আরও ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে। এর আগে রোববার গ্রেপ্তার হওয়া সাতজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
রোববার (২৫ অক্টোবর) গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফুলমিয়া বাদী হয়ে এ ঘটনায় মামলা করেন। মামলায় ৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৪ অক্টোবর) সদর উপজেলার রঘুনাথপুর বুড়িমার গাছতলা এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের একদল নেতা-কর্মী হঠাৎ মিছিল বের করেন। মিছিলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এবং ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছিল।
এ সময় এলাকায় টহলরত পুলিশ সদস্যরা মিছিলটি থামানোর চেষ্টা করেন। অভিযোগ রয়েছে, তখন মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালান। হামলাকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যানও ভাঙচুর করেন। এতে মামলার বাদী এসআই মো. ফুলমিয়াসহ পুলিশের দুই সদস্য আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশীদ জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান চলছে।