
ইরাকের সুলাইমানিয়াহতে এশিয়া কাপ আর্চারির দ্বিতীয় ধাপের প্রতিযোগিতায় (বিশ্ব র্যাঙ্কিং টুর্নামেন্ট) দুটি স্বর্ণপদক জয়ের সুযোগ তৈরি করেছে বাংলাদেশ। রিকার্ভ পুরুষ ও কম্পাউন্ড নারী—দুই বিভাগেই দলগত ইভেন্টের ফাইনালে উঠেছেন বাংলাদেশের আর্চাররা। দুই ফাইনালেই তাদের প্রতিপক্ষ কাজাখস্তান।
রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টের সেমিফাইনালে উজবেকিস্তানকে ৬-০ সেট পয়েন্টে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। সাগর ইসলাম, আব্দুর রহমান আলিফ ও আবদুল্লাহ আল মোহাম্মদ রাফিকে নিয়ে গড়া দলটি পুরো লড়াইয়ে প্রতিপক্ষকে কোনো সেট পয়েন্টই পেতে দেয়নি।
বিশ্ব র্যাঙ্কিং পর্বে প্রথম স্থান অর্জন করায় কোয়ার্টার ফাইনালে খেলতে হয়নি বাংলাদেশকে। অন্যদিকে, শেষ আটের লড়াইয়ে পাকিস্তানকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল উজবেকিস্তান। এই বিভাগের অপর সেমিফাইনালে স্বাগতিক ইরাককে ৬-২ সেট পয়েন্টে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয় কাজাখস্তান।
কম্পাউন্ড নারী দলও ফাইনালে
কম্পাউন্ড নারী দলগত ইভেন্টেও ফাইনালে ওঠার পথে দাপুটে পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। সেমিফাইনালে বন্যা আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস ও কুলসুম আক্তার মনির দল ২৩৩-২১৯ পয়েন্টে শ্রীলঙ্কাকে হারিয়েছে।
এই বিভাগেও র্যাঙ্কিং পর্বে শীর্ষে থাকায় সরাসরি সেমিফাইনালে খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ।
ফাইনালে ওঠার অপর লড়াইয়ে ইরাক ও কাজাখস্তানের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হয়। নির্ধারিত সময়ে দুই দলের স্কোর সমান ২১৭-২১৭ থাকায় ম্যাচ গড়ায় শুটঅফে। সেখানে ২৯-২৭ পয়েন্টে জিতে ফাইনালে ওঠে কাজাখস্তান।
আগামী ২৮ অক্টোবর রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টের ফাইনালে লড়বে বাংলাদেশ। পরদিন ২৯ অক্টোবর কম্পাউন্ড নারী দল নামবে স্বর্ণপদকের লড়াইয়ে।