
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে পোস্ট দেওয়ায় টাঙ্গাইলের সখীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল বারী ওরফে রুবেল চৌধুরীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফেসবুকে সরকার ও দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের মাধ্যমে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে রফিকুল বারীকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
এর আগে গত শুক্রবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে রফিকুল বারী লেখেন, ‘আমার মনে কষ্ট, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই।’ তবে কী কারণে তিনি কষ্ট পেয়েছেন কিংবা কোন পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন, সে বিষয়ে পোস্টে বিস্তারিত কিছু জানাননি।
এ বিষয়ে গত শনিবার সাংবাদিকদের রফিকুল বারী বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর ভুল সিদ্ধান্তের কারণে অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এতে আমাদের প্রধানমন্ত্রীরও ক্ষতি হচ্ছে।’