
গাজীপুরের মৌচাকে বেতন-ভাতা বাড়ানোর দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখা পোশাকশ্রমিকেরা প্রায় তিন ঘণ্টা পর সড়ক ছেড়েছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ২টার দিকে তাঁরা অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।
পুলিশ জানায়, সকালে এসেনশিয়াল ক্লোথিং লিমিটেডের শ্রমিকেরা কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। পরে মিছিল নিয়ে তাঁরা কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়কে গিয়ে অবস্থান নেন। এ সময় আশপাশের কারখানাগুলোতে ছুটি ঘোষণার দাবিতে চাপ সৃষ্টি করেন তাঁরা।
একপর্যায়ে আশপাশের কয়েকটি কারখানার ফটক লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকার বেশ কয়েকটি কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে।
এরপর শ্রমিকেরা মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এতে মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, শ্রমিকেরা সড়ক থেকে সরে গেছেন। যানবাহন চলাচলও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।