
লক্ষ্মীপুরে খোরশেদ বাহিনীর প্রধান ও মাটি ব্যবসায়ী খোরশেদ আলমকে (৫০) গুলি করে হত্যার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, ইব্রাহিম ছোট্টু ও মাসুদ রানা। তারা দুজনেই সদর উপজেলার পার্বতীনগর গ্রামের বাসিন্দা। নিহতের পরিবারের অভিযোগ- মাটির ব্যবসা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করেছেন।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামের খাঁনের বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত খোরশেদ আলম সদর উপজেলার দিলসাদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি খোরশেদ বাহিনীর প্রধান ও মাটি ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন।
নিহতের স্ত্রী আকলিমা আক্তার ও মেয়ে প্রেমা আক্তার জানান, বুধবার দুপুরে দুই ব্যক্তি খোরশেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে গুলির শব্দ শুনে তারা ঘটনাস্থলের দিকে ছুটে যান। সেখানে গিয়ে জানতে পারেন, ওয়ালিদ নামের এক ব্যক্তি খোরশেদকে গুলি করেছেন বলে তাদের জানানো হয়।
পরিবারের সদস্যদের অভিযোগ, মাটির ব্যবসা নিয়ে ওয়ালিদ এর আগেও খোরশেদকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়েছেন। তবে এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, হত্যাকাণ্ডের সাত ঘণ্টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইব্রাহিম ও মাসুদ রানাকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।