
পাবনার ফরিদপুরে অভিযান চালিয়ে নিষিদ্ধ চরমপন্থী সংগঠন সর্বহারা দলের কথিত ক্যাম্প কমান্ডার বছির মল্লিককে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে উপজেলার আয়েনগঞ্জ সেতুর দক্ষিণ-পূর্ব দিক থেকে পরিত্যক্ত অবস্থায় ১১ ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার হাদল ইউনিয়নের আয়েনগঞ্জ এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার বছির মল্লিক শালিকাপাড়া গ্রামের মৃত আছের মল্লিকের ছেলে।
ওই দিন বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদপুর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তুলে ধরেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনজুরুল হাসান মাসুদ।
পুলিশ জানায়, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে আয়েনগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ওসি মুনজুরুল হাসান মাসুদ, পরিদর্শক (তদন্ত) আল হেলাল মাহমুদ, উপপরিদর্শক জাহিদুর রহমান ও আশরাফুল ইসলাম এবং সহকারী উপপরিদর্শক জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এতে অংশ নেয়। অভিযানের একপর্যায়ে বছির মল্লিককে আটক করা হয়। পরে ঘটনাস্থলের কাছ থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বছির মল্লিক দীর্ঘদিন ধরে সর্বহারা দলের ক্যাম্প কমান্ডার হিসেবে দায়িত্ব পালনের কথা স্বীকার করেছেন। এলাকায় ব্যবসায়ী, ঠিকাদার ও সাধারণ মানুষকে ভয় দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ চাঁদা হিসেবে আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
ওসি মুনজুরুল হাসান মাসুদ বলেন, গ্রেপ্তার বছির মল্লিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।