
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো এবং নগর পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দিতে রংপুরে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে রংপুর সিটি করপোরেশনের উদ্যোগে জিলা স্কুল মোড়ে র্যালির উদ্বোধন করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীসহ সচেতন নাগরিকেরা অংশ নেন।
জিলা স্কুল মোড় থেকে শুরু হওয়া র্যালিটি সিটি বাজার মোড়, পায়রা চত্বর ও প্রেসক্লাব চত্বর ঘুরে টাউন হল চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালি শুরুর আগে সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী বলেন, ডেঙ্গু প্রতিরোধে মানুষকে সচেতন করার অংশ হিসেবেই এ আয়োজন করা হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টা, সহযোগিতা ও সচেতনতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ পুরোপুরি সম্ভব নয়। সরকারের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিটি করপোরেশন নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা, মশক নিধন ও স্প্রে কার্যক্রম পরিচালনা করছে।
তিনি আরও বলেন, ডেঙ্গু থেকে সুরক্ষায় বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও পানি জমতে দেওয়া যাবে না এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে।
এ সময় ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি জনসচেতনতা বাড়াতে তরুণ, সামাজিক সংগঠন, স্বাস্থ্য বিভাগ ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
র্যালিতে রংপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রুবেল রানা, নগর পরিকল্পনাবিদ মো. নজরুল ইসলাম, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়নসহ সিটি করপোরেশনের বিভিন্ন দপ্তর ও নিউট্রিশন ইন সিটি ইকোসিস্টেমস (নাইস) প্রকল্পের কর্মকর্তারা অংশ নেন।
র্যালি চলাকালে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধ ও নগর পরিচ্ছন্নতা বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক স্লোগান দেন।