-6af6c8cf7f28b.webp)
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে মাদারীপুরের কালকিনিতে লগি-বইঠা হাতে নিয়ে ঝটিকা মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তারা ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। পরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা প্রতিরোধ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেওয়ার দাবি করেছে বলে জানা যায়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে কালকিনি পৌর এলাকার প্রাণকেন্দ্র ভুরঘাটা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এ সময় মিছিলকারীদের ফেলে যাওয়া অর্ধশতাধিক লগি-বৈঠা উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায় থানা পুলিশ।
পুলিশ ও একাধিক সূত্র জানায়, আওয়ামী লীগের কালকিনি উপজেলা শাখার প্রচার সম্পাদক মো. শাহাজালাল হাওলাদারের নেতৃত্বে নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করেন। একপর্যায়ে তারা ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে কালকিনি পৌরসভা বিএনপির সহসভাপতি জব্বার হাওলাদার ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা নাজমুল হোসেনের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা সেখানে গিয়ে মিছিলকারীদের ধাওয়া দেন। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে ঘটনাস্থল থেকে ‘জয় বাংলা’ স্লোগান লেখা বেশ কিছু লগি-বৈঠা উদ্ধার করেন স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদ এবং তাদের গ্রেফতারের দাবিতে এরপর ঢাকা-বরিশাল মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
বিক্ষোভে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সহসভাপতি জব্বার হাওলাদার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা যুবদল নেতা শামীম মোল্লা, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাইফুল ইসলাম মুন্সি এবং পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক হাসান হাওলাদারসহ অন্যরা।
ঘটনার বিষয়ে কালকিনি থানার ওসি জহিরুল আলম জানান, পলাতক ছাত্রলীগের কর্মীরা হঠাৎ করে দুই মিনিটের জন্য মিছিল করার চেষ্টা করলে প্রতিরোধের মুখে পড়ে পালিয়ে যান। এ সময় তারা নাশকতার চেষ্টা করেছিলেন। নাশকতায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।