
গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ফরহাদ (৪১) নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) ভোরে কারাগারের ভেতরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাঁকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভোর পৌনে ৪টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত ফরহাদ টাঙ্গাইল সদর থানার শালিনাপাড়া এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে।
কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আব্দুল্লাহ আল মামুন জানান, ভোরে কারাগারের ভেতরে ফরহাদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাঁকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ভোর পৌনে ৪টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
কারা কর্তৃপক্ষের তথ্যমতে, টাঙ্গাইল সদর থানার একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন ফরহাদ। ২০১৯ সালের ২৬ আগস্ট তাঁকে কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছিল।
আইনি প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।