
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব আল্লামা মুফতি মো. আব্দুল মালেক এবং হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীকে উদ্দেশ করে কড়া সমালোচনা করেছেন ইসলামি বক্তা ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।
জাতীয় মসজিদের খতিবকে নিয়ে কটূক্তি করে থাকলে দুঃখ প্রকাশ করে আমির হামজা বলেন, ‘আমি জাতীয় মসজিদের খতিবকে নিয়ে কটূক্তি করে থাকলে দুঃখিত। কিন্তু উনি যে ফতোয়া দিয়েছেন, তাতে আমাদের লাখ লাখ মানুষের কলিজায় রক্তক্ষরণ হয়েছে। আপনি দালালি করলে ওই জায়গা ছেড়ে দিয়ে করেন। খতিব উবায়দুল হককে নিয়ে কেউ কথা বলে না।’
সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে নারায়ণগঞ্জের বন্দরে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব সমালোচনা করেন। বন্দর উপজেলার দক্ষিণ লক্ষণখোলার পৌরসভা ফুটবল খেলার মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়।
আমির হামজা বলেন, ‘খতিব সাহেব ফতোয়া দিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যারা যায় তারা গুমরাহ। তাহলে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী কি গুমরাহ ছিলেন? আপনার তওবা করা উচিত। জামায়াতে ইসলামীর পদ্ধতিতে ভুল থাকতে পারে। যারা মন থেকে জামায়াতে ইসলামী করে, তাদের ইখলাসে কোনো ভুল নাই। তাহলে ফাঁসির দড়ি গলায় নিত না।’
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীকে উদ্দেশ করেও বক্তব্য দেন আমির হামজা। তিনি বলেন, ‘অনেক মুরুব্বি ইদানীং খারাপ কথা বলেন। এত নিকৃষ্ট শব্দ উনার মুখ দিয়ে আসে, উনাকে মাইকের সামনে নিয়ে আসেন কেন? এরকম মুরুব্বি, যার কথা ঠিক নেই, মাথা ঠিক নেই, তাকে বাড়িতে বসিয়ে চিকিৎসা করেন। আল্লামা মামুনুল হককে চিনি। আমি ছোট মানুষ, আপনি মামুনুল হককে গালি দিয়েছেন। আমাকে বলেছেন, আমি যদি এটা না হই, তাহলে আপনি এটা।’
ওয়াজ মাহফিলে বাধা দেওয়া ব্যক্তিদেরও সমালোচনা করেন এই সংসদ সদস্য। আমির হামজা বলেন, ‘যারা ওয়াজ মাহফিলে বাধা দেয় তারা কাফের। যারা বলেন আমির হামজা বিতর্কিত, তাকে আসতে দেওয়া যাবে না, আমাকে বিতর্কিত বানিয়েছেন আপনারা। আমি এমপি নমিনেশন পাওয়ার আগে আমার নামে কেউ খারাপ কথা লিখে নাই, এখন এসব কথা আসে কেন? যারা আমাদের ভুলের কথা বলে তাদের ভুলের শেষ নেই। যারা মাকে খাবার দেয় না, তারা আমাদের নিয়ে কথা বলে।’
এর আগে নারায়ণগঞ্জের বন্দরে স্থানীয় আলেম-ওলামারা আমির হামজার ওয়াজ মাহফিল আয়োজন নিয়ে আপত্তি জানালে এ নিয়ে অসন্তোষ দেখা দেয়। পরে ১৬ নভেম্বর দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত রুদ্ধদ্বার বৈঠক শেষে জানানো হয়, আমির হামজা মাহফিলে উপস্থিত থাকবেন।
জেলা প্রশাসক রায়হান কবিরের সভাপতিত্বে ওই বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ সুপার হাবিবুর রহমান, হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আবদুল আউয়াল, জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা মাঈনউদ্দিন আহমদ, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বৈঠক শেষে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা বলেন, ‘আমরা সবাই ১৭ বছর নির্যাতিত হয়েছি। আমরা সবাই এক জায়গায় এসেছি যে সুন্দর করে মাহফিল হবে। এই মাহফিলে আমির হামজা সাহেবের বক্তব্যে আলেম-ওলামাদের নিয়ে যে মন্তব্য আছে, সেটা খোলাসা করে সবার মনের কষ্ট দূর করে দিবেন। আমরা আশা করি আমির হামজা সাহেবের বক্তব্যে সব আলেম-ওলামারা খুশি হবেন। এটা ইসলামের বিজয় হয়েছে। এটা ইসলামের সৌন্দর্য।’