
খুলনায় টুঙ্গিপাড়া পরিবহনের একটি বাস ও কাউন্টারের সাইনবোর্ড থেকে কালো কালি ও স্প্রে দিয়ে ‘টুঙ্গিপাড়া’ নাম মুছে দিয়েছেন কয়েকজন যুবক। সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে নগরের ফুলবাড়ীগেট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টা ১০ মিনিটের দিকে স্থানীয় যুবদল নেতা মাসুম খানের নেতৃত্বে ৮ থেকে ১০ জন যুবক পরিবহনটির কাউন্টারের সামনে যান। প্রথমে তাঁরা কাউন্টারের সাইনবোর্ডে থাকা ‘টুঙ্গিপাড়া’ নাম মুছে দেন। এরপর কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাসের গায়ে লেখা নামের ওই অংশ কালো স্প্রে দিয়ে ঢেকে দেওয়া হয়।
ঘটনার সময় কাউন্টারে টিকিট বিক্রির দায়িত্বে ছিলেন রকি হাওলাদার। তিনি বলেন, কয়েকজন যুবক এসে টুঙ্গিপাড়া নাম মুছে দিয়ে চলে গেছেন। তবে তাঁরা কোনো ভাঙচুর করেননি কিংবা কারও সঙ্গে দুর্ব্যবহারও করেননি।
এ বিষয়ে খুলনা মহানগর যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম রুবেল বলেন, আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার বিরুদ্ধে নেতাকর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে। একই সঙ্গে কোনো ধরনের হঠকারী কর্মকাণ্ড না করার নির্দেশনাও রয়েছে। তাঁর দাবি, শাহরিয়ার হোসেন মাসুম যুবদলের কোনো পদে নেই। বিষয়টি তাঁরা রাজনৈতিকভাবে মোকাবিলা করবেন।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।