
নাটোরের বাগাতিপাড়ায় গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়েছে দুর্বৃত্তরা। সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি, কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে দুর্বৃত্তরা বাঁশবাড়িয়া গ্রামীণ ব্যাংক কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ সময় কার্যালয়ের দায়িত্বে থাকা নাইট গার্ড বিষয়টি বুঝতে পেরে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। ফলে বড় ধরনের দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।
স্থানীয়দের ধারণা, পেপসির বোতলের মতো দেখতে কাঁচের বোতল এবং প্লাস্টিকের বোতলে পেট্রোল ভরে তাতে আগুন ধরিয়ে কার্যালয় লক্ষ্য করে ছোড়া হয়েছিল।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে দুটি কাঁচের বোতল উদ্ধার করা হয়েছে। কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্ত করতে তদন্ত চলছে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনেও পুলিশ কাজ করছে।