
সিলেটের গোয়াইনঘাট সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে অস্ত্রসহ প্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তের শূন্যরেখা থেকে বাংলাদেশের প্রায় ২০০ গজ ভেতরে তাকে আটক করা হয়। আটকের পর ওই বিএসএফ সদস্যকে বিছনাকান্দি বিওপিতে রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নুর উদ্দিন আহমেদ। তিনি জানান, বিছনাকান্দি সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০০ গজ প্রবেশের পর অস্ত্রসহ ওই বিএসএফ সদস্যকে আটক করা হয়। পরে তাকে বিছনাকান্দি বিওপিতে নিয়ে রাখা হয়েছে।
লে. কর্নেল নুর উদ্দিন আহমেদ আরও বলেন, এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকের মাধ্যমেই আটক বিএসএফ সদস্যের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।