
গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর, যানবাহনে ইটপাটকেল নিক্ষেপ এবং মহাসড়কে গাছ ফেলে অবরোধের ঘটনায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে গোপালগঞ্জ ও পদ্মা সেতু হয়ে চলাচলকারী ২০টি রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার থেকে এসব রুটে বাস চলাচল বন্ধ থাকলেও বৃহস্পতিবার দুপুর থেকে খুলনা-যশোর-আরিচা হয়ে আগের পথে বাস চলাচল শুরু হয়েছে।
পরিবহন মালিকদের ভাষ্য, গোপালগঞ্জে সড়কে বাধা সৃষ্টি, ভাঙচুর ও নিরাপত্তাহীনতার কারণে বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ঢাকাগামী কোনো বাস ছেড়ে যায়নি। তবে খুলনা থেকে যশোর-আরিচা হয়ে আগের রুটে বাস চলাচল শুরু হয়েছে। অন্যদিকে, বৃহস্পতিবার সকালে জাহানাবাদ আন্তঃনগর ট্রেন চললেও নিরাপত্তার কারণে রাতে ঢাকা থেকে খুলনাগামী ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
বাস চলাচল বন্ধ থাকা ২০টি রুট হলো—খুলনা থেকে গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, ঢাকা, টেকেরহাট, মাদারীপুর, শরীয়তপুর, বরিশাল, চট্টগ্রাম ও কক্সবাজার; বাগেরহাট থেকে ঢাকা; সাতক্ষীরা থেকে ঢাকা; যশোর থেকে ঢাকা; বেনাপোল থেকে শরীয়তপুর; মাগুরা থেকে বরিশাল; যশোর থেকে বরিশাল; কুষ্টিয়া থেকে বরিশাল; ঢাকা থেকে বরিশাল এবং রাজশাহী থেকে বরিশাল।
প্রশাসনের আশ্বাসেও আস্থা নেই মালিক-শ্রমিক সংগঠনের
পরিবহন মালিকরা জানান, গোপালগঞ্জ থেকে কাশিয়ানী পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচলে বাধা দেওয়া হচ্ছে। বুধবার দুপুরে কয়েকটি বাস ভাঙচুরের পাশাপাশি যানবাহন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এসব ঘটনার পর যাত্রী ও যানবাহনের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে গোপালগঞ্জ ও পদ্মা সেতু হয়ে চলাচলকারী ২০টি রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় জেলা বাস মালিক সমিতি।
খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান জানান, বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা প্রশাসনের আহ্বানে মোটর শ্রমিক ও বাস মালিকদের নিয়ে একটি জরুরি বৈঠক হয়। এতে কেডিএর চেয়ারম্যান শফিকুল আলম মনা, জেলা প্রশাসক হুরে জান্নাত, জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, বৈঠকে বাস চলাচল পুনরায় চালুর আহ্বান জানানো হয়। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার নিশ্চয়তাও দেওয়া হয়েছিল। কিন্তু বাস মালিক ও শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে রাজি হননি। পরে প্রশাসনের পক্ষ থেকে যশোর-আরিচা হয়ে আগের রুটে বাস চলাচলের প্রস্তাব দেওয়া হয়। এ ক্ষেত্রে রুট পারমিট নিয়ে কোনো জটিলতা হবে না বলেও আশ্বস্ত করা হয়।
এরপর বাস মালিকরা বৃহস্পতিবার বেলা ২টা থেকে খুলনা-যশোর-আরিচা হয়ে আগের রুটে বাস চলাচল শুরু করেন। তবে গোপালগঞ্জ ও পদ্মা সেতু হয়ে ২০টি রুটে বাস চলাচল এখনো বন্ধ রয়েছে।
মো. জাহিদ হোসেন খান আরও জানান, গোপালগঞ্জ হয়ে বরিশালের সঙ্গে কোনো বাস চলাচল করছে না। তবে বাগেরহাট-পিরোজপুর হয়ে বরিশাল রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
এর আগে বুধবার দুপুরের পর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বাস ভাঙচুর ও যানবাহনে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। এমন পরিস্থিতিতে ওই দিন বেলা ২টা থেকে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন পরিবহন মালিকরা।
এর প্রভাবে খুলনা-ঢাকাসহ পদ্মা সেতু হয়ে চলাচলকারী দূরপাল্লার বাসের পাশাপাশি ঢাকা, কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও রাজবাড়ী রুটের বাস চলাচলও বন্ধ হয়ে যায়। খুলনা ও যশোর থেকে নড়াইল হয়ে কাশিয়ানী দিয়ে পদ্মা সেতুতে চলাচলকারী বাসও বন্ধ রাখা হয়েছে। বর্তমানে শুধু আরিচা হয়ে আগের রুটে বাস চলাচল করছে।
ঢাকা-খুলনা ট্রেন চলাচলেও পরিবর্তন
খুলনা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও রাতে জাহানাবাদ আন্তঃনগর ট্রেনের চলাচলসূচিতে পরিবর্তন আনা হয়েছে। খুলনা রেলস্টেশনের স্টেশনমাস্টার মো. জাকির হোসেন জানান, ১৯ নভেম্বর পর্যন্ত খুলনা থেকে সব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। ওই দিন ভোরে পদ্মা সেতু হয়ে জাহানাবাদ আন্তঃনগর ট্রেনটি খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। তবে নিরাপত্তাজনিত কারণে রাতে ঢাকা থেকে খুলনাগামী ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।
তিনি জানান, ট্রেনটি দুপুরে ঢাকা থেকে ছেড়ে বেনাপোলে পৌঁছানোর পর রাতে সেখান থেকে সরাসরি খুলনায় ফিরে আসে। ২০ নভেম্বর ভোরে জাহানাবাদ আন্তঃনগর ট্রেনটির খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেডিএর চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা বলেন, বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আপাতত যশোর-আরিচা হয়ে আগের রুটে বাস চালানোর আহ্বান জানানো হয়েছে। বাস চলাচল পুরোপুরি বন্ধ না রাখার জন্যও তাঁদের অনুরোধ করা হয়। কিন্তু বাস মালিক ও শ্রমিকরা কোনো ধরনের ঝুঁকি নিতে চাননি।
তিনি আরও বলেন, বাস মালিক ও শ্রমিকরা আলোচনায় রুট পারমিটের বিষয়টি তুলে ধরলে জেলা প্রশাসক নিজেই এ-সংক্রান্ত জটিলতা সমাধানের আশ্বাস দেন। এরপর তাঁরা আগের রুটে বাস চলাচল শুরু করতে সম্মত হন। তবে পদ্মা সেতু হয়ে কয়েকটি রুটে বাস চলাচল এখনো বন্ধ রয়েছে।