
গাজীপুরের কাশিমপুর কারাগার ক্যাম্পাসের নিরাপত্তা ও টহল জোরদার করতে সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংস্থার সহযোগিতা চেয়েছে কারা কর্তৃপক্ষ। এ বিষয়ে সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাগুলোর কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার হালিমা খাতুন।
চার কারাগারে প্রায় ১২ হাজার বন্দী
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কাশিমপুর কারাগার ক্যাম্পাসে চারটি কেন্দ্রীয় কারাগার রয়েছে। এসব কারাগারে বর্তমানে রাজনৈতিক বন্দীসহ বিভিন্ন শ্রেণির প্রায় ১২ হাজার বন্দী রয়েছেন।
কারাগার সরকারের অত্যন্ত স্পর্শকাতর ও সংবেদনশীল একটি প্রতিষ্ঠান। তাই চারটি কারাগারের নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য সংস্থার সহযোগিতা প্রয়োজন বলে মনে করছে কর্তৃপক্ষ।
একই সঙ্গে কারা ক্যাম্পাসের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরাপত্তা টহল বাড়ানোর জন্য সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাগুলোকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
যেসব বাহিনী ও সংস্থাকে চিঠি দেওয়া হয়েছে
কারা কর্তৃপক্ষের পাঠানো চিঠিতে বলা হয়েছে, গত ১৮ নভেম্বর গাজীপুরের জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে কারাগারের নিরাপত্তা বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়ে একটি চিঠি দেওয়া হয়। সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতেই বিভিন্ন বাহিনী ও সংস্থার সহযোগিতা চেয়ে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিটি পাঠানো হয়েছে সাভার সেনানিবাসে ৯ পদাতিক ডিভিশনের সদর দপ্তরের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), গাজীপুরের পুলিশ কমিশনার, গাজীপুরের স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরবি) অধিনায়ক, কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসের অপারেশন শাখার কর্মকর্তার কাছে।
এ ছাড়া বিষয়টি অবগত করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আরও আটটি দপ্তরে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।