
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা সীমান্ত পরিদর্শনে আসার খবর ছড়িয়ে পড়েছে। এ খবরের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে বিক্ষোভ করেছে বিএনপি।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে আখাউড়া উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এর আগে বুধবার দুপুরে আগরতলায় পৌঁছায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। সূত্রের বরাতে জানা গেছে, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে ওই দলে দলটির ৫ থেকে ৭ জন জ্যেষ্ঠ নেতা রয়েছেন।
প্রতিনিধি দলের আগরতলায় আসার খবর ছড়িয়ে পড়ার পর বুধবার বিকেলে আখাউড়া উপজেলা সদর থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে আখাউড়া স্থলবন্দরে যান। কর্মসূচিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এবং আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দুলসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। পরে স্থলবন্দরে বিক্ষোভ সমাবেশ করেন তারা।
সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় তিনটি সীমান্তবর্তী উপজেলা রয়েছে। তারা খবর পেয়েছেন, এই তিন উপজেলার যেকোনো একটির প্রবেশপথ দিয়ে জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে একটি দল নাশকতার উদ্দেশ্যে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে।
তিনি আরও বলেন, কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী দলের নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।