গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিজিবির টহলদলের ওপর হামলা, সরকারি যানবাহনে আগুন, গোলাবারুদ ধ্বংস ও সরঞ্জাম লুটের অভিযোগে মামলা হয়েছে। এতে নিষিদ্ধ ছাত্রলীগের গোপালগঞ্জ জেলা সভাপতি নিউটন মোল্লাকে প্রধান আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৫ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।
গত ২৩ নভেম্বর বিজিবির খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েব সুবেদার মো. শওকত আলী বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলাটি দায়ের করেন।
শুক্রবার (২৭ নভেম্বর) গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় নিউটন মোল্লা ছাড়াও নিষিদ্ধ ছাত্রলীগের গোপালগঞ্জ জেলা সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন খোকন, বর্তমান সভাপতি শামছুল হক, সহসভাপতি রিপন শেখ এবং যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন বিশ্বাস ওরফে কালুসহ মোট আটজনের নাম উল্লেখ করা হয়েছে।
এজাহার অনুযায়ী, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেসামরিক প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে পুলিশ, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিহাব ইমামের সঙ্গে টহলে ছিল বিজিবি।
এ সময় টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে টহল দলটি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। উপজেলার নিলফা বাজারে পৌঁছালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কে গাছ ফেলে তাদের পথ আটকে দেয়।
এজাহারে বলা হয়, বিজিবির পক্ষ থেকে সড়ক থেকে গাছ সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হলেও একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সদস্যদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এবং বিজিবির একটি এপিসি ও একটি জিপে আগুন ধরিয়ে দেওয়া হয়।
হামলায় বাধা দিতে গিয়ে বিজিবির নায়েক মো. মনির হোসেন, আসাদুজ্জামান, ফারুক হোসেন এবং সহকারী পরিচালক মো. সাইফিয়ার রহমান গুরুতর আহত হন।
মামলার বিবরণে বলা হয়েছে, হামলায় বিজিবির একটি পাজেরো জিপ ও একটি এপিসি কোবরা সম্পূর্ণ পুড়ে যায়। জিপে থাকা ৯০ রাউন্ড গুলিসহ তিনটি এসএমজির ম্যাগাজিনও আগুনে ভস্মীভূত হয়। এ ছাড়া অন্য একটি এপিসির টায়ার, ফগ লাইট এবং একটি পিকআপের উইন্ডশিল্ড ক্ষতিগ্রস্ত হয়।
বিজিবির গাড়িতে থাকা একটি সরকারি এইচপি ল্যাপটপ, ওয়াকিটকি সেট, ব্যাটারি ও চার্জার লুটের অভিযোগও করা হয়েছে। এ ঘটনায় মোট ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৬ কোটি ৫১ লাখ টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন সেন্টু বলেন, বিজিবির গাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় বাহিনীর পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।