
পতিত স্বৈরাচার আর কখনো দেশের মাটিতে ফিরে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বিদেশের মাটি থেকে অডিও ও ভিডিও কলের মাধ্যমে অগ্নিসন্ত্রাসের নির্দেশনা দেওয়া হচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আবারও অগ্নিসন্ত্রাসের অপচেষ্টা চালাচ্ছে, যা তাদের পুরোনো অভ্যাস। তবে দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকায় তাদের এই চেষ্টা সফল হতে দেওয়া হবে না।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার জামিয়া ইসলামিয়া হালীমিয়া মধুপুর মাদ্রাসার বার্ষিক ইসলাহী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিবাদী, আলেম-বিদ্বেষী ও পরদাসী কোনো পতিত শক্তি আবার রাজনীতি করার ইচ্ছা প্রকাশ করলে সবাই মিলে তা প্রতিহত করা হবে। ইনশাআল্লাহ, এ বিষয়ে সারা বাংলাদেশের সব নাগরিক ঐক্যবদ্ধ রয়েছে।
স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব
গণতান্ত্রিক চর্চার প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণতন্ত্রে বিভিন্ন রাজনৈতিক দলের আদর্শে ভিন্নতা থাকবে। দলগুলোর মধ্যে তর্ক-বিতর্কও হবে, এটাই স্বাভাবিক। তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে অতীতে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, তা আবারও প্রতিষ্ঠা করা হবে।
তিনি আরও বলেন, সম্মিলিত সেই শক্তিকে কাজে লাগিয়েই বাংলাদেশকে একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে।
অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল হামিদ মধুপুরী এবং স্থানীয় সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।
মাহফিলে কয়েক হাজার আলেমের অংশগ্রহণ
তিন দিনব্যাপী এই বার্ষিক মাহফিলে কয়েক হাজার ওলামায়ে কেরাম অংশ নিয়েছেন।
আয়োজনের দ্বিতীয় দিন শুক্রবার মাদ্রাসা প্রাঙ্গণে মুসল্লিদের উপচে পড়া ভিড় দেখা গেছে।