
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলম।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদের আদালত এ আদেশ দেন।
এর আগে গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর রাজারবাগ পুলিশলাইনস অডিটোরিয়ামের পূর্ব পাশের সরকারি কোয়ার্টারে অভিযান চালিয়ে ছরওয়ারে আলমকে আটক করে পুলিশ।
পরদিন এক প্রেস ব্রিফিংয়ে ডিএমপির ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, “বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে রাষ্ট্রপতির কার্যালয়, সচিবালয় ও কর্তৃপক্ষ থেকে অনুমতি নিয়েই গ্রেপ্তার করা হয়। এছাড়া ঘটনার সঙ্গে তার জড়িত থাকার যথেষ্ট প্রমাণও আমাদের হাতে রয়েছে।”
তিনি আরও জানান, গ্রেপ্তার কর্মকর্তার ব্যবহৃত সব ধরনের ডিভাইস জব্দ করা হয়েছে এবং “জব্দ সব ডিভাইস ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।”
ডিবি কর্মকর্তা বলেন, এ ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, যা এর আগে করা জিডির সঙ্গে মার্জ করা হয়েছে। একই সঙ্গে হ্যাকিং ইস্যুতে কোনো ধরনের অপতথ্য না ছড়ানোর অনুরোধ জানিয়ে তিনি বলেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলমান রয়েছে।
উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি রাতে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল থেকে দেওয়া একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য দেখা যায়। পরে ওই পোস্টটি এক্স অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় জামায়াতের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, সাইবার হামলার মাধ্যমে অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশ করা হয়েছে এবং জামায়াত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে।