
দীর্ঘদিন আলোচিত একটি হামলা মামলায় গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা লাভলু মোল্লাহ শিশিরকে জামিন দিয়েছেন আদালত। রোববার (২৬ এপ্রিল) ঢাকার একটি আদালত লাভলু মোল্লাহ শিশিরের জামিন মঞ্জুর করেন।
মামলার নথি অনুযায়ী, ২০১৫ সালের ২২ এপ্রিল নির্বাচনী প্রচারণার সময় রাজধানীর বাংলামোটর এলাকায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, তাকে হত্যার উদ্দেশ্যে হামলাকারীরা অস্ত্রসহ গাড়িবহরে আক্রমণ চালায়।
এ ঘটনায় ১২ থেকে ১৪টি গাড়ি ভাঙচুর করা হয় এবং চারটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। হামলার সময় নেতাকর্মীদের মারধর করা হলে খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্বে থাকা কয়েকজন সদস্য আহত হন।
লাভলু মোল্লাহ শিশির ওই মামলার আসামি হিসেবে অভিযুক্ত। ২০২৫ সালের নভেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
ছাত্রজীবনে তিনি মাস্টারদা সূর্যসেন হল ছাত্রলীগের সভাপতি ছিলেন বলে জানা গেছে।