
ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অবশেষে জামিন পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।
এর আগে, চলতি বছরের ৭ মার্চ রাত সাড়ে ৯টার দিকে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজানোর কর্মসূচি ঘোষণা করেন শেখ তাসনিম আফরোজ ইমিসহ কয়েকজন। পরে রিকশায় মাইক ব্যবহার করে ভাষণ প্রচারের সময় ডাকসুর নেতা এ বি জুবায়ের, মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এবং এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক তাহমিদ আল মোদাসসিরসহ একদল শিক্ষার্থী এতে বাধা দেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এ বি জুবায়ের ও মোসাদ্দেক আলী রিকশাসহ শেখ তাসনিম আফরোজসহ তিনজনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যান। পরে পুলিশ তাদের হেফাজতে নেয় এবং পরদিন সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠায়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, শাহবাগ থানার বিপরীতে জাতীয় জাদুঘরের ১ নম্বর গেটের সামনে আবদুল আল মামুন ও শেখ তাসনিম আফরোজ ইমির নেতৃত্বে ১০ থেকে ১৫ জন অজ্ঞাত ব্যক্তি জড়ো হয়। সে সময় নিকটস্থ মসজিদে তারাবির নামাজ চলছিল। অভিযোগ অনুযায়ী, তারা মসজিদের দিকে মুখ করে লাউডস্পিকারে উসকানিমূলক স্লোগান দেয় এবং সরকারবিরোধী ষড়যন্ত্রের উদ্দেশ্যে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম সচল করার চেষ্টা করে। পাশাপাশি পুলিশের কাজে বাধা দিয়ে থানায় আটক আসিফ আহমেদ সৈকতকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার কথাও উল্লেখ করা হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। পরে ডাকসু প্রতিনিধি এ বি জুবায়ের ও মোহাম্মদ মোসাদ্দেকের নেতৃত্বে শিক্ষার্থীরা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।