
আইনি জটিলতার ভেতরেই স্বস্তির খবর পেলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী—সিদ্ধিরগঞ্জ থানার দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এদিকে, আইভীর বিরুদ্ধে থাকা আরও পাঁচটি মামলায় হাইকোর্টের দেওয়া জামিনের বিষয়ে আগামী রোববার (৩ মে) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ আদেশ দেবেন।
এর আগে ২০২৫ সালের ৯ মে ভোরে শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে হাইকোর্ট পাঁচ মামলায় তার জামিন মঞ্জুর করলেও আপিল বিভাগে তা স্থগিত হয়ে যায়।
এরপর গত ১৮ নভেম্বর আরও পাঁচটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় ২৬ ফেব্রুয়ারি তিনি জামিন পেলেও রাষ্ট্রপক্ষের আবেদনে সেই জামিনও স্থগিত হয়ে যায়।
পরবর্তীতে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ও ২০২৫ সালের ৩০ জুনের দুটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখাতে আবেদন করে পুলিশ। এর মধ্যে একটি মামলায় ২ মার্চ এবং অন্যটিতে ১২ এপ্রিল গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন নারায়ণগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।