
দেশের সর্বোচ্চ আদালতে ভার্চুয়াল পদ্ধতিতে বিচারিক কার্যক্রম পরিচালনা নিয়ে নেওয়া পূর্ববর্তী সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হয়েছে। এর ফলে সপ্তাহে নির্দিষ্ট দিনে অনলাইনে আদালত পরিচালনার যে ব্যবস্থা চালু ছিল, তা আর কার্যকর থাকছে না।
রোববার (৩ মে) সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে চেম্বার জজ আদালতসহ সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার ভার্চুয়াল মাধ্যমে আদালতের কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।
এর আগে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের যুক্তিতে প্রধান বিচারপতির নির্দেশে গত ২২ এপ্রিল থেকে সপ্তাহে দুদিন ভার্চুয়াল পদ্ধতিতে বিচারিক কার্যক্রম চালু করা হয়েছিল। তবে এই সিদ্ধান্ত নিয়ে আইনজীবীদের একটি অংশের মধ্যে অসন্তোষ তৈরি হয় এবং তারা প্রতিবাদ কর্মসূচিও পালন করেন।
বর্তমান সিদ্ধান্তের ফলে সুপ্রিম কোর্টে ভার্চুয়াল কোর্ট পরিচালনার অস্থায়ী ব্যবস্থাটি আপাতত বন্ধ হয়ে গেল, যা বিচার কার্যক্রমের পূর্বের স্বাভাবিক পদ্ধতিতে ফিরে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে।