
সারাদেশের অধস্তন আদালত তদারকির জন্য মনিটরিং কমিটি পুনর্গঠন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর প্রধান বিচারপতি। এ বিষয়ে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের আটটি বিভাগের জন্য পৃথকভাবে ১৩টি ‘মনিটরিং কমিটি ফর সাবর্ডিনেট কোর্টস’ গঠন করা হয়েছে। প্রতিটি কমিটির নেতৃত্বে হাইকোর্ট বিভাগ-এর একজন করে বিচারপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি সাচিবিক সহায়তার জন্য ১৩ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকেও দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন দায়িত্ব বণ্টন অনুযায়ী
বরিশাল বিভাগে বিচারপতি শেখ মো. জাকির হোসেন, রাজশাহী-২ বিভাগে বিচারপতি মো. হাবিবুল গনি এবং ঢাকা-১ বিভাগে বিচারপতি জে বি এম হাসান দায়িত্ব পেয়েছেন।
খুলনা-১ বিভাগে বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া, খুলনা-২ বিভাগে বিচারপতি মো. জাফর আহমেদ, ময়মনসিংহ বিভাগে বিচারপতি রাজিক আল জলিল এবং ঢাকা-২ বিভাগে বিচারপতি ফাতেমা নজীব দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
চট্টগ্রাম-১ বিভাগে বিচারপতি এস এম কুদ্দুস জামান, রংপুর-১ বিভাগে বিচারপতি শশাঙ্ক শেখর সরকার, চট্টগ্রাম-২ বিভাগে বিচারপতি আহমেদ সোহেল দায়িত্ব পালন করবেন।
এছাড়া রাজশাহী-১ বিভাগে বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, রংপুর-২ বিভাগে বিচারপতি কে এম হাফিজুল আলম এবং সিলেট বিভাগে বিচারপতি মো. আতাবুল্লাহকে দায়িত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০২২ সালের ২৭ জানুয়ারি প্রথমবার ৮ বিভাগের জন্য ৮ জন বিচারপতিকে মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হয়। পরে ২০২৩ সালের অক্টোবরে তা বাড়িয়ে ১৩ জন করা হয় এবং সর্বশেষ গত বছরের এপ্রিলে কমিটি পুনর্গঠন করা হয়েছিল। এবার নতুন করে দায়িত্ব বণ্টন করা হলো।