
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। প্রবাসজীবনের বাস্তবতা ও সামাজিক টানাপোড়েনকে কেন্দ্র করে এবার তাকে দেখা যাবে নতুন সিনেমা ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’-এ।
সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক হাসান জাহাঙ্গীর। এতে দেখানো হয়েছে বিদেশে বসবাসরত একজন বিবাহিত নারীর জীবনসংগ্রাম ও পারিবারিক জটিলতা, যেখানে বাংলাদেশে স্বামী রেখে দ্বিতীয় বিয়ের মতো বিষয়ও উঠে এসেছে।
পরিচালক জানান, সিনেমার প্রায় ৮০ শতাংশ শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রে, বাকি অংশ ধারণ করা হয়েছে বাংলাদেশে। তিনি বলেন, প্রবাসে বাংলাদেশিদের জীবনসংগ্রাম ও বাস্তব অভিজ্ঞতাই এই গল্পের মূল ভিত্তি।
সেন্সর সার্টিফিকেশন পাওয়ার পর সিনেমাটি আগামী ১৫ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও কানাডাসহ বিভিন্ন দেশেও এটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
পরিচালকের ভাষ্য অনুযায়ী, গল্পটি নারীর মর্যাদা, সম্পর্কের জটিলতা এবং প্রবাস জীবনের বাস্তবতা তুলে ধরবে। তিনি মনে করেন, এই ধরনের গল্প দর্শকদের সচেতন করবে এবং প্রবাস জীবনের বাস্তব চিত্র বুঝতে সাহায্য করবে।
এর আগে ‘সোনার চর’ সিনেমায় দেখা গিয়েছিল মৌসুমীকে। প্রায় দুই বছর পর তার নতুন এই সিনেমা মুক্তি পাচ্ছে বলে জানা গেছে। এছাড়া সিনেমাটির টেলিভিশন স্বত্ব বিক্রি করা হয়েছে, যা ঈদে ওয়ার্ল্ড প্রিমিয়ার হিসেবে প্রচারিত হবে।