
কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লাকে ভারতের ‘মিনার-এ-দিল্লি’ সম্মাননায় ভূষিত করা হচ্ছে। আসন্ন পঞ্চদশ দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাকে এই বিশেষ স্বীকৃতি দেওয়া হবে।
আগামী ৪ থেকে ৮ মে পর্যন্ত ভারতের নয়া দিল্লিতে অনুষ্ঠিত হবে এই উৎসব। আয়োজনে সহযোগিতা করছে ভারতের চলচ্চিত্র ও সম্প্রচার মন্ত্রণালয়। উৎসবের মূল ভেন্যু হিসেবে থাকছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস এবং ড. আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্র।
রুনা লায়লা সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় এই সম্মাননা পাওয়ার খবর জানিয়ে আনন্দ প্রকাশ করেন। তিনি বলেন, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অংশ হতে পারা এবং এই সম্মান গ্রহণ করা তার জন্য গর্বের বিষয়। তার মতে, এই আয়োজন সৃজনশীল মানুষদের একত্রিত করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
তিনি উৎসব আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং সফল আয়োজনের জন্য শুভকামনাও প্রকাশ করেন।
এ বছরের উৎসবে নারীর ক্ষমতায়ন, সামাজিক বিষয় ও শিশুদের নিয়ে নির্মিত চলচ্চিত্রকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। নারী নির্মাতাদের উৎসাহিত করাও এবারের আয়োজনের অন্যতম লক্ষ্য হিসেবে রাখা হয়েছে।