
দেশের ক্রীড়াঙ্গনে প্রতিভা অন্বেষণের নতুন উদ্যোগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (২ মে) সিলেট জেলা স্টেডিয়ামে এ আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকেই সিলেট জেলা স্টেডিয়াম ছিল উৎসবমুখর। কানায় কানায় পূর্ণ গ্যালারি, খুদে ক্রীড়াবিদদের ক্রীড়া প্রদর্শনী এবং কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পুরো আয়োজন সম্পন্ন হয়।
বিকেল ৫টা ৮ মিনিটে আনুষ্ঠানিকভাবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন ঘোষণা করা হয়। একই সঙ্গে দেশের বিভিন্ন জেলা স্টেডিয়ামের খুদে ক্রীড়াবিদরা ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
এই উদ্যোগের মাধ্যমে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্যে ফুটবল, ক্রিকেট, কাবাডি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, সাঁতারসহ মোট ৮টি খেলায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শুরু হবে উপজেলা পর্যায় থেকে, এরপর জেলা ও বিভাগীয় পর্যায় হয়ে জাতীয় পর্যায়ে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী পুরো দেশকে ১০টি ক্রীড়া অঞ্চলে ভাগ করা হয়েছে—ঢাকা, ফরিদপুর, চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর, খুলনা, বরিশাল, সিলেট, রাজশাহী ও ময়মনসিংহ। প্রতিটি পর্যায়ে প্রশাসনিক কমিটি প্রতিযোগিতা তদারকি করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে দেশসেরা ৩২ জন ক্রীড়াবিদ অংশ নেন, যারা বিভিন্ন খেলায় তরুণদের অনুপ্রেরণা দেন। আয়োজকদের মতে, এই উদ্যোগের লক্ষ্য হলো দেশের তৃণমূল থেকে নতুন প্রতিভা খুঁজে বের করে ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ক্রীড়াকে উন্নয়নের অন্যতম অংশ হিসেবে সরকার গুরুত্ব দিচ্ছে এবং ইতোমধ্যে ক্রীড়া কার্ড ও ক্রীড়াভাতা চালু করা হয়েছে।
প্রসঙ্গত, এবারের প্রতিযোগিতায় দেশের ১ লাখ ৬৭ হাজারের বেশি শিশু-কিশোর নিবন্ধন করেছে, যা আয়োজকদের মতে ব্যাপক সাড়া হিসেবে দেখা হচ্ছে।