
ফ্যামিলি কার্ডের মতো কৃষক কার্ডও সার্বজনীনভাবে বিতরণ করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার (২ মে) দুপুরে নবাবগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড বিতরণে ধর্ম, রাজনৈতিক পরিচয় বা দলীয় বিবেচনা করা হয়নি। যোগ্যতার ভিত্তিতেই কার্ড দেওয়া হয়েছে। একইভাবে আগামী ১ জুলাই থেকে সারাদেশে কৃষক কার্ড বিতরণ শুরু হবে এবং এটিও সকল যোগ্য কৃষকের জন্য উন্মুক্ত থাকবে।
তিনি কৃষকদের উদ্দেশে বলেন, যশোর ও ঝিনাইদহে যেভাবে বাণিজ্যিকভাবে ফুল চাষ করে সফলতা এসেছে, তেমনি দেশের অন্যান্য অঞ্চলের কৃষকরাও চাইলে ফুল চাষে এগিয়ে এসে লাভবান হতে পারেন।
এছাড়া স্থানীয় সম্ভাবনাময় স্থানগুলোকে উন্নয়ন করে পর্যটন আকর্ষণ হিসেবে গড়ে তোলার কথাও উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, আশুরার বিল ও সিতাকোর্ট এলাকায় উন্নয়ন করা গেলে বাইরের মানুষ সেখানে ঘুরতে আসবে।
সরকারের লক্ষ্য প্রান্তিক পর্যায়ের মানুষকে স্বাবলম্বী করে তোলা—এ কথা উল্লেখ করে তিনি বলেন, সব শ্রেণি-পেশার মানুষের অর্থনৈতিক উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।