
বিয়ে শুধু সামাজিক সম্পর্ক নয়, এটি স্বাস্থ্যঝুঁকির সঙ্গেও সম্পর্কিত হতে পারে—এমনই ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি নতুন গবেষণা।
গবেষণাটি করেছে মায়ামি বিশ্ববিদ্যালয়-এর গবেষকরা। এতে যুক্তরাষ্ট্রের ১২টি অঙ্গরাজ্যের ৪০ লাখেরও বেশি মানুষের স্বাস্থ্যতথ্য বিশ্লেষণ করা হয়।
ফলাফলে দেখা যায়, যারা কখনো বিয়ে করেননি তাদের মধ্যে বিভিন্ন ধরনের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি তুলনামূলকভাবে বেশি। গবেষণা অনুযায়ী, অবিবাহিত পুরুষদের ক্ষেত্রে ঝুঁকি প্রায় ৭০ শতাংশ এবং নারীদের ক্ষেত্রে প্রায় ৮৫ শতাংশ পর্যন্ত বেশি পাওয়া গেছে।
বিশেষ করে ধূমপান বা সংক্রমণজনিত ক্যানসারের ক্ষেত্রে এই পার্থক্য আরও বেশি বলে উল্লেখ করা হয়েছে। গবেষণায় আরও দেখা যায়, অবিবাহিত পুরুষদের মধ্যে মলদ্বারের ক্যানসারের হার বিবাহিতদের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি এবং নারীদের ক্ষেত্রে জরায়ুমুখের ক্যানসারের হার প্রায় তিন গুণ বেশি।
গবেষকদের মতে, বিয়ে মানুষের জীবনযাপন, খাদ্যাভ্যাস, মানসিক সহায়তা এবং নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার অভ্যাসে প্রভাব ফেলে। এসব কারণে পরোক্ষভাবে স্বাস্থ্যঝুঁকি কমতে পারে।
তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই ফলাফলের অর্থ এই নয় যে বিয়ে করলেই ক্যানসার থেকে সুরক্ষা পাওয়া যাবে। এটি মূলত সামাজিক ও আচরণগত একটি সম্পর্কের ইঙ্গিত মাত্র।
গবেষকরা অবিবাহিতদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সচেতন জীবনযাপন এবং স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।