
গণমাধ্যমের স্বাধীনতা ও কার্যকারিতাকে মালিকপক্ষ অনেক সময় নিজ স্বার্থে ব্যবহার করে ক্ষতিগ্রস্ত করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শনিবার (৩ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়-এর গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগের আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, সরকার ও গণমাধ্যম মালিকপক্ষ—উভয়ের চাপের মধ্যেই গণমাধ্যমের স্বাধীনতা সীমাবদ্ধ হয়ে পড়ে। তাই গণমাধ্যমে ভারসাম্যপূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা জরুরি।
তিনি আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকার ও গণমাধ্যম মালিকদের মধ্যে সমন্বয় প্রয়োজন। পাশাপাশি সাংবাদিকতা শিক্ষার্থীদের ভূমিকা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হবে বলেও তিনি উল্লেখ করেন।
মন্ত্রী জানান, সরকার গণমাধ্যম খাতে তরুণদের সম্পৃক্ত করে একটি দক্ষ স্টেকহোল্ডার কাঠামো তৈরির পরিকল্পনা করছে, যাতে তথ্য প্রবাহ আরও স্বচ্ছ ও কার্যকর হয়।
আলোচনায় আরও প্রস্তাব আসে একটি স্বাধীন গণমাধ্যম সূচক চালুর, যা দেশের গণমাধ্যমের অবস্থা মূল্যায়নে সহায়ক হতে পারে।
উল্লেখ্য, সাম্প্রতিক একটি বৈশ্বিক সূচকে বিশ্ব গণমাধ্যম স্বাধীনতায় ১৮০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫২তম বলে উল্লেখ করা হয়েছে, যা আগের তুলনায় কিছুটা পিছিয়ে গেছে।