
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হলে নগরবাসীকে আর ময়লার বিল দিতে হবে না বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মেয়রপ্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শনিবার (২ মে) তিনি নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এ ঘোষণা দেন।
স্ট্যাটাসে তিনি বলেন, নির্বাচিত হলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দাদের আর ময়লার বিল দিতে হবে না। একই সঙ্গে তিনি দাবি করেন, এমন ব্যবস্থা নেওয়া হবে যাতে পরিচ্ছন্নতাকর্মীরা কোনো আর্থিক ক্ষতির মুখে না পড়েন।
উল্লেখ্য, গত ৩০ মার্চ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পাঁচটি সিটি করপোরেশনের মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করে, যেখানে ঢাকা দক্ষিণের জন্য আসিফ মাহমুদকে মনোনয়ন দেওয়া হয়।
অন্যদিকে জোটসঙ্গী দল জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি সাদিক কায়েম-এর নামও মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে।