
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, বর্তমান সরকার দুর্নীতি ও অর্থপাচারের মতো কর্মকাণ্ড থেকে সম্পূর্ণ দূরে থাকবে। তিনি বলেন, অতীতে বন্ধ হয়ে যাওয়া শিল্প-কারখানাগুলো আবার সচল করা হবে এবং অর্থনীতিকে পুনরায় কার্যকর অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
শুক্রবার (১ মে) বিকেলে টাঙ্গাইলের সখীপুর তালতলা চত্বরে উপজেলা ও পৌর শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার একটি দুর্বল অর্থনৈতিক ভিত্তি থেকে রাষ্ট্র পরিচালনা শুরু করেছে। অতীত সরকারের সময় বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়সীমা ও সীমিত সক্ষমতার কারণে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি।
তিনি বলেন, এখন সরকার সততা ও নিষ্ঠার ভিত্তিতে অর্থনৈতিক কার্যক্রম শুরু করেছে। অল্প সময়ের মধ্যেই দেশের অর্থনীতিতে দৃশ্যমান উন্নতি আসবে এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব হবে।
আহমেদ আযম খান আরও বলেন, শ্রমিক, কৃষক ও শিল্প খাত একসঙ্গে শক্তিশালী হলে দেশের অর্থনীতি স্বনির্ভর হয়ে উঠবে এবং বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে আরও মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছাবে।
অনুষ্ঠানে উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মতিন মিয়ার সভাপতিত্বে আরও বক্তব্য দেন অর্থ মন্ত্রণালয়ের সহকারী সচিব আমিন শরীফ সুপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার এবং ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টারসহ অনেকে।