
জনগণের কল্যাণে কাজ অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বর্তমান সরকার ১৮ কোটি মানুষের প্রতি দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাইকে সঙ্গে নিয়ে দেশ গঠনের কাজ এগিয়ে নেওয়া হবে।
শুক্রবার রাজধানীর বাসাবো ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার বিশুদ্ধানন্দ-শুদ্ধানন্দ অডিটোরিয়ামে ত্রি-স্মৃতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমা, জাতিসংঘ বৈশাখ ডে ২০২৬ এবং ‘বৌদ্ধ ধর্ম ও বিশ্ব শান্তি’ শীর্ষক সিম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, মহামতি গৌতম বুদ্ধের শিক্ষা বর্তমান বিশ্ব পরিস্থিতিতে অত্যন্ত প্রাসঙ্গিক। বাংলাদেশ একটি ধর্মীয় সম্প্রীতির দেশ, যেখানে বিভিন্ন ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। তিনি উল্লেখ করেন, সরকার চায় দেশের সব নাগরিক ধর্ম, বর্ণ ও মতভেদ নির্বিশেষে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে জীবনযাপন করুক।
সিম্পোজিয়ামে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি শ্রী সদ্ধম্মসাসনধ্বজ বুদ্ধপ্রিয় মহাথের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, ভ্যাটিকান দূতাবাসের রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন স্টুয়ার্ট র্যান্ডাল, মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কে জাও সো মো, চীনের সাংস্কৃতিক সচিব লি শাওপেং এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা মি. বার্নার।