
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র হয় একটি চুক্তিতে পৌঁছাবে, না হলে দেশটিকে কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (১ মে) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ট্রাম্প বলেন, সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল অ্যাডাম ব্রেডলি কপার তাকে যুদ্ধ পরিস্থিতির সর্বশেষ অবস্থা সম্পর্কে ব্রিফ করেছেন।
ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হয় আমরা গিয়ে তাদের ওপর চরম চাপ সৃষ্টি করব এবং তাদের শেষ করে দেব, অথবা আমরা একটি চুক্তি করব। এই দুইটির একটি পথই রয়েছে।’
তবে তিনি একই সঙ্গে দাবি করেন, মানবিক দিক বিবেচনায় ইরানে বোমা হামলা তিনি সমর্থন করতে চান না।
ট্রাম্প আরও বলেন, ইরানের নেতৃত্ব বর্তমানে বিভক্ত অবস্থায় রয়েছে এবং তাদের মধ্যে সমন্বয়ের ঘাটতি রয়েছে।
তার ভাষায়, ‘তারা অগ্রগতি করছে, কিন্তু আমি নিশ্চিত নই যে তারা আলোচনার মাধ্যমে কোনো সমাধানে পৌঁছাতে পারবে কি না। তাদের নেতৃত্বের মধ্যে বড় ধরনের বিভাজন রয়েছে।’
তিনি আরও দাবি করেন, ইরানের নেতৃত্ব কয়েকটি ভাগে বিভক্ত হয়ে পড়েছে এবং নিজেদের মধ্যেই মতবিরোধে জড়িয়ে আছে। তবে তিনি মনে করেন, ইরান আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছাতে আগ্রহী হলেও অভ্যন্তরীণ বিভ্রান্তি তাদের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে।