
জাতীয় সংসদে বক্তব্যের সময় বাড়ানোকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর কাছে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের অতিরিক্ত সময় চাওয়ার ঘটনায় কিছুটা হাস্যরসের পরিস্থিতি তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি নির্ধারিত সময়ের বাইরে বক্তব্য চালিয়ে যেতে আরও সময় চান। পরে ডেপুটি স্পিকার জানান, সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম তার নির্ধারিত সময় থেকে ৫ মিনিট নাহিদ ইসলামকে দিয়েছেন।
এরপর নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আরও ৫ মিনিট সময় চান। তিনি বলেন, ‘আমি আশা করব, প্রধানমন্ত্রীও তার সময় থেকে আমাকে আরও ৫ মিনিট দেবেন।’
পরে তাকে প্রায় ১০ মিনিট বক্তব্য দিতে দেখা যায় এবং শেষদিকে তিনি আরও ২ মিনিট সময় চান, যা ডেপুটি স্পিকার অনুমোদন করেন।
বক্তব্যে নাহিদ ইসলাম বিভিন্ন সমসাময়িক ইস্যু তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, শাহবাগ থানার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কয়েকজন সদস্যকে মারধরের ঘটনায় এখনো মামলা নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা দাবি করেন।
তিনি জঙ্গিবাদ দমনে বর্তমান পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন এবং কৃষকের ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা ও জুলাই হত্যাকাণ্ডের দ্রুত বিচার সম্পন্ন করার আহ্বান জানান।