
বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) দুপুর আড়াইটায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই সমাবেশে ব্যাপক সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি দেখা গেছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর নয়াপল্টনে এটি ছিল তার প্রথম রাজনৈতিক সমাবেশে অংশগ্রহণ।
সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে শ্রমিক দল ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। পরে শ্রমিক দল নেতা আব্দুল্লাহ আল মামুনের স্বাগত বক্তব্যের মাধ্যমে মূল কার্যক্রম শুরু হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রবীণ শ্রমিক নেতা নজরুল ইসলাম খান বলেন, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সমাবেশের সব প্রস্তুতি আগেই সম্পন্ন করা হয়েছে। মঞ্চ নির্মাণ থেকে শুরু করে সাউন্ড সিস্টেম পর্যন্ত সব ধরনের আয়োজন রাখা হয়।
জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জসহ বিভিন্ন শিল্পাঞ্চল থেকে শ্রমিকদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন ও আশপাশের এলাকায় সকাল থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন ছিলেন।
বিএনপি কার্যালয়ের সামনে বিশাল মঞ্চ তৈরি করা হয়, যেখানে লাল কার্পেট বিছানো ছিল। মঞ্চের দুই পাশে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া এবং চেয়ারম্যান তারেক রহমানের প্রতিকৃতি স্থাপন করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ফকিরাপুল, পল্টন ও কাকরাইলসহ আশপাশের এলাকায় দেড় শতাধিক মাইক স্থাপন করা হয় সমাবেশের জন্য।
সকাল থেকেই নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনেকে লাল টুপি, টি-শার্ট, ব্যানার ও ঢোলসহ মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।
সকালের ভারী বর্ষণে নয়াপল্টন এলাকায় সাময়িক জলাবদ্ধতা তৈরি হলেও দুপুরের আগেই পানি নেমে যায়। ফলে পরবর্তীতে সমাবেশের কার্যক্রম স্বাভাবিকভাবে এগিয়ে চলে।