
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো পুনর্গঠন করে দেশকে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করেছেন বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের আস্থা অর্জন করে ধারাবাহিক সাফল্যের মধ্য দিয়ে তারেক রহমান রাষ্ট্র পরিচালনার নতুন রূপরেখা দাঁড় করিয়েছেন।
শুক্রবার (১ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত মে দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি হিসেবে তারেক রহমান উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল বলেন, তারেক রহমান ‘আই হ্যাভ এ প্ল্যান’ কর্মসূচির মাধ্যমে রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের কাজ এগিয়ে নিচ্ছেন। তার ভাষায়, তিনি কেবল একজন রাজনৈতিক নেতা নন, বরং মেহনতি মানুষের প্রতিনিধিত্বকারী একজন প্রতীকী নেতৃত্ব।
তিনি আরও দাবি করেন, অতীতে ব্যাংক ও অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং সেই পরিস্থিতি থেকে অর্থনীতিকে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে সেই ধ্বংসপ্রায় অবস্থা থেকে দেশকে পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মে দিবসের আলোচনায় শ্রমিকদের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, অতীত আন্দোলনগুলোতে নিহত শ্রমিকদের স্মরণ করা জরুরি। একই সঙ্গে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ, হকারদের পুনর্বাসন এবং শ্রমজীবী পরিবারের সন্তানদের শিক্ষার সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি। চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের দাবিও তোলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে একটি রাজনৈতিক নেতৃত্ব কাজ করছে, যারা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়। তার ভাষায়, সেই নেতৃত্ব অতীতেও গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের ধারাবাহিকতায় ভূমিকা রেখেছে।