
সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (২ মে) দুপুরে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানান রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান।
তিনি জানান, নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ হিসেবে বিবেচিত হয়েছে এবং প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। পাশাপাশি এ বিষয়ে এনসিপি নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে ব্রিফিং করবে বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে গত ২৭ এপ্রিল হাইকোর্ট নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন। সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে ২৯ এপ্রিল রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্রটি গ্রহণ করেন এবং ২ মে যাচাই-বাছাইয়ের তারিখ নির্ধারণ করা হয়। এ সংক্রান্ত একটি চিঠিও প্রার্থীকে পাঠানো হয়।
চিঠিতে জানানো হয়, হাইকোর্টের রিট আদেশ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের সময়সূচি অনুসারে ২ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। এ সময় প্রার্থী, তার প্রস্তাবক ও সমর্থক উপস্থিত থাকতে পারবেন।
উল্লেখ্য, ২১ এপ্রিল বিকেল ৪টার পর মনোনয়নপত্র জমা দেওয়ায় তা গ্রহণ করা হয়নি। পরে এ বিষয়ে আদালতের শরণাপন্ন হলে আদালত নির্বাচন কমিশনকে মনোনয়নপত্র গ্রহণ ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়।