
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা প্রক্রিয়াকে কেন্দ্র করে সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি–রফতানি কার্যক্রম দুই দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতীয় প্রশাসনের নির্দেশনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
রোববার (৩ মে) থেকে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সীমান্ত এলাকায় মানুষ ও যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত। ফলে সীমান্তের দুই পাশে চলাচল ও বাণিজ্যিক কার্যক্রমে সাময়িক স্থবিরতা তৈরি হয়েছে।
কোচবিহার ও জলপাইগুড়ির জেলা ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত পৃথক নির্দেশনায় জানানো হয়, ৩ মে সকাল ৬টা থেকে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত সীমান্তপথে বাংলাদেশ ও ভুটানের সঙ্গে যাত্রী ও যানবাহন চলাচল বন্ধ থাকবে। একই সঙ্গে ভারতীয় সীমান্ত চেকপোস্টগুলোতে কড়া যাচাই–বাছাইয়ের পর সীমিত আকারে শুধু জরুরি চিকিৎসা, বৈধ নথিপত্রধারী ব্যক্তি এবং অত্যাবশ্যকীয় ও পচনশীল পণ্যবাহী যানবাহন চলাচলের সুযোগ দেওয়া হতে পারে।
এদিকে বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে, নির্বাচনী প্রক্রিয়ার কারণে ৩ ও ৪ মে বন্দর দিয়ে আমদানি–রফতানি সম্পূর্ণ বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে ৫ মে থেকে আবার নিয়মিত কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার জানান, বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও কাস্টমসের অভ্যন্তরীণ প্রশাসনিক কাজ যেমন শুল্কায়ন, পরীক্ষণ ও যাত্রীসেবা স্বাভাবিকভাবে চালু আছে।