
শ্রীমঙ্গলে মসজিদের ভেতরে ঢুকে এক মুসল্লিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রবিবার (৩ মে) ভোরে উপজেলার পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে ফজরের নামাজের সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত হাফিজ মিয়া লইয়ারকুল এলাকার বাসিন্দা। এ ঘটনায় অভিযুক্ত জসিম মিয়াকেও আটক করেছে পুলিশ। তার বাড়িও একই এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে নামাজ আদায়ের জন্য মসজিদে যান হাফিজ মিয়া। নামাজের প্রস্তুতির সময় হঠাৎ জসিম মিয়া তার ওপর হামলা চালান। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে।
বাংলাদেশ পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পেছনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে হামলাকারীকে আটক করা হয়েছে। তিনি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।