
মৌলভীবাজারের বড়লেখায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও একটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই ঘটনায় একজন ব্যক্তিকে আটক করা হয়েছে, যাকে পরে থানায় সোপর্দ করা হয়।
শনিবার (২ মে) রাত সাড়ে ১১টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) একটি বিশেষ টহলদল বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সমনবাগ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি ট্রাক আটক করা হয় এবং তল্লাশিতে বিপুল পরিমাণ জিরা উদ্ধার হয়।
বিজিবির তথ্য অনুযায়ী, ট্রাক থেকে মোট ১৯২ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়, যার পরিমাণ প্রায় ৫ হাজার ৭৬০ কেজি। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে প্রায় ১ কোটি ১৬ লাখ ৪০ হাজার টাকা।
এ ঘটনায় আবুল হোসেন (৫১) নামে একজনকে আটক করা হয়েছে। তিনি বড়লেখা উপজেলার আরিঙ্গাবাজার দক্ষিণ এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
বিয়ানীবাজার (৫২ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান জানান, জব্দ করা জিরা, ট্রাক ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান খান জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।