
হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ে সন্তোষ প্রকাশ করেনি রাষ্ট্রপক্ষ। রায়ের বিরুদ্ধে আপিল করে ইনুর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ মামলার রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় চিফ প্রসিকিউটর বলেন, মামলায় ইনুর বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রসিকিউশন প্রমাণ করতে সক্ষম হয়েছে। এ কারণে রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে তার সর্বোচ্চ শাস্তির আবেদন জানানো হয়েছিল। তবে ঘোষিত রায়ে সন্তুষ্ট নয় প্রসিকিউশন এবং এ বিষয়ে উচ্চতর আদালতে আপিল করা হবে।
অন্যদিকে, মামলায় আসামিপক্ষের আইনজীবী মনসুরুল হক চৌধুরী দাবি করেন, জামায়াত-শিবিরের রাজনীতির বিরোধিতা করার কারণেই হাসানুল হক ইনুকে এ মামলায় আসামি করা হয়েছে।
রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পর্যালোচনা করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।