
কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানের হাইকোর্টের দেওয়া জামিন বাতিল করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২ আগস্ট হাইকোর্টের একটি বেঞ্চ হাফিজুর রহমানকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। ওই আদেশের পর ৪ আগস্ট সন্ধ্যায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
পরে জামিনের বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় জামিন বাতিলের আবেদন করে। শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার জজ আদালত হাইকোর্টের দেওয়া জামিনাদেশ বাতিল করেন।
দীর্ঘ ১০ বছর পর চলতি বছরের ২১ এপ্রিল রাতে ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরদিন তাকে আদালতে হাজির করা হলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
৫২ বছর বয়সী হাফিজুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার। তার গ্রেপ্তারের পর দীর্ঘদিন ধরে আলোচিত তনু হত্যা মামলা নতুন করে আলোচনায় আসে।
উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি বাসায় প্রাইভেট পড়াতে যাওয়ার পথে নিখোঁজ হন ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু। পরে সেনানিবাসের পাওয়ার হাউসসংলগ্ন একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বহুল আলোচিত এ হত্যা মামলাটি এখনও তদন্তাধীন রয়েছে।