
আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এম এ হাসেমের ছেলে শওকত আজিজ রাসেল। তবে পূর্বাচল প্লট দুর্নীতির মামলায় ১৪ বছরের কারাদণ্ডপ্রাপ্ত এই আসামির আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক মো. আব্দুস সালাম এ আদেশ দেন।
এদিন আদালতে আত্মসমর্পণ করে রায়ের বিরুদ্ধে আপিল করার শর্তে জামিনের আবেদন করেন রাসেল। শুনানিতে তাঁর আইনজীবীরা জামিনের পাশাপাশি কারাগারে ডিভিশন দেওয়ার আবেদনও জানান। তবে উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত জামিন আবেদন খারিজ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুদকের প্রসিকিউটর খন্দকার শামীম হোসেন সাংবাদিকদের বলেন, পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি হিসেবে শওকত আজিজ রাসেল আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন। তাঁর আইনজীবীরা রায়ের বিরুদ্ধে আপিলের শর্তে জামিনের আবেদন করেন। একই সঙ্গে কারাগারে ডিভিশন চাওয়া হয়। পরে আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ১৩ অক্টোবর একই আদালত এ মামলায় শওকত আজিজ রাসেলসহ আটজনকে ১৪ বছরের কারাদণ্ড দেন।