
আন্তর্জাতিক ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে দেশের জ্বালানি চাহিদা পূরণে ৩ লাখ মেট্রিক টন ডিজেল ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২৬ মার্চ) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) এই ডিজেল কেনা হবে। এর মধ্যে ১ লাখ মেট্রিক টন নেওয়া হবে এপি এনার্জি ইনভেস্টমেন্টস লিমিটেড থেকে এবং ২ লাখ মেট্রিক টন নেওয়া হবে সুপারস্টার ইন্টারন্যাশনাল লিমিটেড থেকে।
সংশ্লিষ্টরা বলছেন, ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় আগাম প্রস্তুতি হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে এবং সম্ভাব্য সরবরাহ সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।