
চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা সত্ত্বেও ইরানকে বিভক্ত করার চেষ্টা ব্যর্থ হয়েছে।
এক বিবৃতিতে তিনি এই যুদ্ধকে ‘ইরানের ইতিহাসের সোনালী বিন্দু’ হিসেবে উল্লেখ করে বলেন, শত্রুরা তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং পরাজয় স্বীকার করেই এখন আলোচনার কথা বলছে।
আরাকচি প্রশ্ন তুলে বলেন, “যদি তারা আত্মসমর্পণ না করে থাকে, তবে কেন তাদের শীর্ষ কর্মকর্তারা আলোচনার জন্য একত্রিত হচ্ছেন?”
তিনি আরও স্পষ্ট করে জানান, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি। তার মতে, কোনো ধরনের নিশ্চয়তা ছাড়া যুদ্ধবিরতি হলে তা ভবিষ্যতে আবারও সংঘাতের জন্ম দিতে পারে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, শত্রুপক্ষকে এমন শিক্ষা নিতে হবে যাতে তারা ভবিষ্যতে আর কখনো ইরানের ওপর হামলার সাহস না করে। পাশাপাশি ইরানি জনগণের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান তিনি।