
তিন মাসের ব্যবধানে ফের ঊর্ধ্বমুখী হলো দেশের বৈদেশিক ঋণ—কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে উঠে এসেছে ঋণের পরিমাণ বৃদ্ধির চিত্র।
বাংলাদেশ ব্যাংক-এর তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বর শেষে সরকারি ও বেসরকারি খাত মিলিয়ে দেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১১৩.৫২ বিলিয়ন ডলার।
এর আগে, গত বছরের সেপ্টেম্বর শেষে এই ঋণের পরিমাণ ছিল প্রায় ১১২.২২ বিলিয়ন ডলার। অর্থাৎ মাত্র তিন মাসের ব্যবধানে বৈদেশিক ঋণ বেড়েছে প্রায় ১.৩০ বিলিয়ন ডলার বা ১৩০ কোটি ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত বছরের জুন শেষে দেশের বৈদেশিক ঋণের পরিমাণ ছিল ১১৩.৫৮ বিলিয়ন ডলার। সে হিসেবে সেপ্টেম্বরে ঋণের পরিমাণ কিছুটা কমলেও ডিসেম্বর নাগাদ তা আবার বৃদ্ধি পেয়েছে।
ব্যাংক সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, সরকারি ও বেসরকারি—উভয় খাতেই বিদেশি ঋণ গ্রহণ বেড়েছে, যা সামগ্রিক ঋণ বৃদ্ধিতে প্রভাব ফেলেছে। এর মধ্যে সরকারি খাতে ঋণ বৃদ্ধির হার ১ শতাংশের সামান্য নিচে রয়েছে।