
দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা রক্ষায় নতুন ব্যাংকের লাইসেন্স অনুমোদনের ক্ষেত্রে কঠোর ও সাহসী সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ।
শনিবার (১১ এপ্রিল) রাজধানীর গুলশানে ডিফিন ও ডিনেট আয়োজিত “রিস্ক কনফারেন্স অন ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স ২০২৬” অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আর্থিক খাতের ঝুঁকি বিবেচনায় প্রয়োজন হলে নতুন ব্যাংকের লাইসেন্স আবেদন প্রত্যাখ্যান করার মতো “না” বলার সাহস থাকতে হবে। অতীত অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, গভর্নর থাকাকালে বহুবার নতুন ব্যাংকের অনুমোদনের প্রস্তাব এলেও প্রযুক্তিগত সক্ষমতা ও আর্থিক স্থিতিশীলতা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, বর্তমানে কিছু দুর্বল ব্যাংক থেকে আমানতকারীরা টাকা তুলতে গিয়ে সমস্যায় পড়ছেন, যা নতুন ব্যাংক অনুমোদনে আরও সতর্ক হওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে।
তিনি বাংলাদেশ ব্যাংক-এর শক্তিশালী কমপ্লায়েন্স সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্ব দেন এবং বলেন, আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ঝুঁকি ব্যবস্থাপনায় আরও কঠোর হতে হবে।
একইসঙ্গে তিনি আমানতকারীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে বলেন, বেশি সুদের লোভে দুর্বল ব্যাংকে অর্থ রাখা ঝুঁকিপূর্ণ হতে পারে।
বিমা খাত নিয়েও মন্তব্য করে তিনি বলেন, স্বচ্ছতা ও কার্যকর তদারকির অভাবে এই খাত প্রায়ই আস্থার সংকটে পড়ে। পাশাপাশি ঋণ প্রদানের আগে গ্রাহকের আর্থিক সক্ষমতা যথাযথভাবে যাচাইয়ের ওপর গুরুত্ব দেন তিনি।