
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বিমান সংস্থা এয়ার অ্যারাবিয়া সীমিত পরিসরে আবারও আন্তর্জাতিক ফ্লাইট কার্যক্রম চালু করেছে।
শনিবার সংস্থাটি জানায়, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে শারজাহ, আবুধাবি এবং রাস আল খাইমাহ থেকে মোট ১৭টি দেশের ৪৯টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করা হবে।
এয়ারলাইন্সটি জানিয়েছে, পরিবর্তনশীল আঞ্চলিক পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে পুনরায় কার্যক্রম শুরু করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতের কারণে আগে ফ্লাইট কার্যক্রমে বিঘ্ন ঘটে।
নতুন তালিকায় বাংলাদেশসহ এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশ অন্তর্ভুক্ত রয়েছে।
সংস্থাটি আরও জানায়, যেসব যাত্রীর আগের ফ্লাইট বাতিল হয়েছিল তারা নতুন করে বুকিং করতে পারবেন। তবে এই সুবিধা কেবল তাদের জন্য প্রযোজ্য হবে যারা আগে টিকিট পরিবর্তন বা রিফান্ড সুবিধা গ্রহণ করেননি।
ক্ষতিগ্রস্ত যাত্রীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলেও জানানো হয়েছে।