
ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বড় সিদ্ধান্ত নিল সরকার— জরুরি চাহিদা মেটাতে বিপুল পরিমাণ ডিজেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)-এর ১৯তম বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রস্তাবটি উত্থাপন করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় জানায়, ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধকে ঘিরে সৃষ্ট অস্থিতিশীল বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে দেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণে আন্তর্জাতিক বাজার থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১ লাখ মেট্রিক টন ইএন৫৯০-১০ পিপিএম ডিজেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এ আমদানি করা হবে মাজেদা অয়েল কোম্পানি লিমিটেড থেকে।
জ্বালানি বিভাগ জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে মূল্য ও সরবরাহের অস্থিরতা এবং ভূরাজনৈতিক উত্তেজনা জ্বালানি সরবরাহ ব্যবস্থায় ঝুঁকি তৈরি করেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিশ্ব জ্বালানি বাজারে চাপ বাড়িয়েছে।
সরকারের লক্ষ্য হলো দেশে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত রাখা এবং অভ্যন্তরীণ বাজারে স্থিতিশীলতা বজায় রাখা।